একের পর এক বলিউড তারকাকে খুনের হুমকি! আয়ুষ্মান-তুষারকে ভয় দেখানোর নেপথ্যে কে? পুলিশের জালে বেঙ্গালুরুর আইটি কর্মী
বলিউডে একের পর এক তারকাকে হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কখনও টাইগার শ্রফ, কখনও রণবীর কপূর, আমির খান কিংবা সঞ্জয় দত্ত। এ বার সেই তালিকায় নাম জড়িয়েছে তুষার কপূর ও আয়ুষ্মান খুরানার। বিষ্ণোই গ্যাংয়ের নাম করে তাঁদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভয়েস বার্তায় কোটি কোটি টাকা দাবি করা হয়েছে বলেও জানা গিয়েছে। এই ঘটনার তদন্তে নেমে বেঙ্গালুরু থেকে এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।ধৃতের নাম বৈভব মিশ্র। তিনি পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে বলিউডের একাধিক তারকাকে ভয়েস বার্তা পাঠাচ্ছিলেন তিনি। সেই বার্তাগুলিতে তারকাদের হুমকি দেওয়ার পাশাপাশি মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ।সম্প্রতি আয়ুষ্মান খুরানার কাছেও এমনই একটি ভয়েস বার্তা পৌঁছয়। ওই বার্তায় নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন এক ব্যক্তি। পাশাপাশি কোটি টাকা দাবি করে অভিনেতাকে হুমকি দেওয়া হয়। এর পরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ।পুলিশের নজরে আসে, এর মাত্র এক দিন আগেই তুষার কপূরের কাছেও হুমকিফোন এসেছিল। তাঁকে পাঁচ কোটি টাকা দেওয়ার দাবি জানানো হয়েছিল বলে অভিযোগ। ফলে দুই অভিনেতার কাছে আসা হুমকির মধ্যে কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা।তদন্তের সময় হুমকির অডিও বার্তাগুলি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। সেই সঙ্গে অডিওতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে সন্দেহভাজনদের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হয়। তদন্তে উঠে আসে বৈভব মিশ্রের নাম। পুলিশ সূত্রে খবর, তাঁর নাম আগেও পুলিশের নজরে এসেছিল।এর পরেই বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে বৈভবকে গ্রেফতার করা হয়। বলিউডের একাধিক তারকাকে হুমকি দেওয়ার পিছনে তাঁরই হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে কোনও সংগঠিত অপরাধচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

